আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজসঙ্কেত পেলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বেসরকারি মোবাইল অপারেটর রবির উদ্যোগে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
পলক বলেন, সাইবার অপরাধরোধে শিগগিরই আইন প্রণয়ন করা হবে। সাইবার অপরাধরোধ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা মন্ত্রিসভায় পাঠানো হবে।
“প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। সাইবার অপরাধরোধ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে সক্ষমতা তৈরি করছি।”
প্রতিমন্ত্রী বলেন, ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে পাঁচ কোটিতে দাঁড়িয়েছে। প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে আমরা সক্ষমতা তৈরি করছি। এ সময় সাইবার অপরাধ দমনে শিগগির আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।


