সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মৈত্রী শোভাযাত্রা। রোববার বিকেল সোয়া পাঁচটায় শোভাযাত্রাটি ঢাকার সোনারগাঁও হোটেলে পৌঁছালে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মালেক ও আজহারুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ‘শোভাযাত্রা এখন ঢাকায় আছে। আমাদের একটি প্রতিনিধিদল তাদের সঙ্গে আছে। সোমবার আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই সেমিনারের উদ্বোধন করবেন। ১ ডিসেম্বর মঙ্গলবার বেনাপোল সীমান্ত দিয়ে এটি কলকাতায় যাবে।
আগামী ৩ ও ৪ ডিসেম্বর কলকাতায় এই চারটি দেশের মধ্যে একটি সভা হবে। এতে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যান চলাচলের ক্ষেত্রে মাশুলসহ নানা বিষয় চূড়ান্ত হবে।
ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে ১৪ নভেম্বর মৈত্রী শোভাযাত্রা শুরু হয়। ২০টি গাড়িবহরের এ শোভাযাত্রায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভুটান নেপাল ও ভারতের ৮০ জন প্রতিনিধি।


