ক্রিকেটারদের পদচারনায় সরগরম হয়ে উঠেছে বন্দর নগরী। আজ সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয়পর্ব। বরিশাল বুলস লড়বে স্বাগতিক দল চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে। একই দিন বিকালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সুপার স্টারস।
মাঠের লড়াইয়ের আগে আজ চারটি দল নিজেদের প্রস্তুতি সেরেছে। চট্টগ্রাম পর্ব শুরুর আগে বরিশাল বুলসের ঝুড়িতে জমা পড়েছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট। প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংসের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সাগরিকায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মুখিয়ে আছে তামিম নেতৃত্বাধীন ভাইকিংস। হোম গ্রাউন্ডে আরো ভালো খেলার প্রত্যাশা করছে দলটির কোচ সালাউদ্দিন। বরিশাল বুলসও এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আজ মাঠে নামছে।
অন্যদিকে চার ম্যাচের সবকটি হেরে তলানীতে রয়েছে মুশফিকুর রহিমের দল সুপার স্টারস। দেয়ালে পিঠ ঠেকে যায় সিলেটের ঘুরে দাঁড়ানো আবশ্যক। টানা উজ্জীবিত কুমিল্লার বিপক্ষে তাই বড়সড় পরীক্ষা দিতে হচ্ছে সিলেট সুপার স্টারসকে। সন্ধ্যায় শুরু হবে এ দু’দলের লড়াই। কিন্তু ভিক্টোরিয়ান্সকে ভাবিয়ে তুলছে স্যামুয়েলসের অনুপস্থিতি। ইনজুরির কারনে মারলন স্যামুয়েলস চলে গেছেন। তবে দলের শক্তিশালী বোলিং তাদের কিছুটা এগিয়ে রাখছে বলে মনে করেন দলের কোচ।
এদিকে কাফ মাসলের ইনজুরি সেরে সিলেটে হয়ে মাঠে নামছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। মিডিয়াকে রুবেল বলেন, ‘আল্লাহর রহমতে আগের চেয়ে এখন বেশ ভালো আছি। আজ বোলিং করলাম। গতকালও বোলিং করেছি। অনুশীলনে শতভাগ দিয়েই বোলিং করেছি।’
যদিও সোমবার অনুশীলনে সিলেট দলেরই রুবেলের আরেক সতীর্থ ক্রিকেটার জানালেন, রুবেল আসলে ৫০ ভাগ ফিট। তার পূর্ণ সুস্থ হতে আরও দুই সপ্তাহ লাগবে। দলের প্রয়োজনে জোর করেই রুবেলকে খেলানো হচ্ছে। চারটি ম্যাচ হারলেও রুবেলের আশা সিলেট টুর্নামেন্টে ফিরতে পারবে। তিনি বলেন, ‘খেলায় হারজিত থাকেই। আমরা চার ম্যাচ ইতিমধ্যে হেরে গেছি। আরো ছয়টা ম্যাচ আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু করা সম্ভব।’
–


