সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের কনস্টেবল এবাদুর রহমানসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার আরেক আসামি মাসুমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশীদ এ রায় দেন। এতে এবাদুর, গেদা ও রাকিবকে অপহরণ এবং হত্যা এই দুই মামলায় দুবার ফাঁসির আদেশ দেয়া হয়।
পাশাপাশি ঘটনার সঙ্গে আরেক আসামি মাসুমের সংযুক্তির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। এতে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে সাঈদের পরিবার।
গত ১১ মার্চ নগরীর ঝেরঝেরী পাড়া থেকে চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে কনস্টেবল এবাদুর রহমান, রাকিব ও গেদা অপহরণের পর হত্যা করে। পরে ১৪ মার্চ সাঈদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।


