এসএসসি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে শিক্ষা সচিব এবং শিক্ষাবোর্ডগুলোকে আগামী ৬ জানুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে এই আদেশ দেন।
এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় নিয়ে গত ১৭ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এই আদেশ দেন। এর আগে ওই পত্রিকার প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী মোজাম্মেল হোসেন।


