রাজধানীর দক্ষিণ খান ফাইদাবাদ এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন–গৃহকত্রী রুমানা আক্তার (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রুমানার ভাই ইমরান হোসেন (২৮), ইমরানের স্ত্রী জান্নাতুল (১৯) ও ইমরান দম্পতির মেয়ে তাসমিয়া আক্তার (২)।
রুমানার স্বামী মন্টু মিয়া জানান, দক্ষিণখান ফাইদাবাদ এলাকার তাদের নিজেদের এক তালা বাড়ি। তিনি ওই এলাকাতেই সেনেটারির ব্যবসা করেন। ভোর সাড়ে ৪টায় তিনি তার ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে যান। এরপরই বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, রুমানার ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার মেয়েমনিকার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। অন্যদের হাত মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।


