আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা মঙ্গলবার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
এই বৈঠক শেষে মুঠোফোনে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মঙ্গলবার আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করবো। তারপর আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করা হবে।’
হানিফ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা জানান, বৈঠকে ১৮০টি পৌরসভার প্রার্থীই চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে পৌর মনোনয়ন বোর্ডের সভায় বাকী প্রার্থীগুলো চূড়ান্ত করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
দলটির সম্পাদকম-লীর এক সদস্য ও বোর্ডের সদস্য দ্য রিপোর্টকে বলেন, অধিকাংশ পৌরসভার প্রার্থী আমরা চূড়ান্ত করেছি। আগামীকাল বৈঠকে বাকীগুলো চূড়ান্ত হবে। তারপর প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


