নরসিংদীতে এক তরুণীকে ধর্ষণ শেষে হত্যা করার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শামীম আহমেদ মঙ্গলবার এই দণ্ডাদেশ দেন।
দুই আসামি হলেন- আল-আমিন (২৮) ও আজিম মিয়া (২৬)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ এপ্রিল বেলাব উপজেলার বীরবাঘবের গ্রামের লাল মিয়ার মেয়ে আছমা বেগম পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আল-আমিন ও রইছ উদ্দিনের ছেলে আজিম তাকে জোরপূর্বক অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করতে থাকে। এ সময় চিৎকার দিলে আল-আমিন ও আজিম তাকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে। এ অবস্থায় আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে আসতে থাকলে তারা দু’জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আছমাকে উদ্ধার করে বেলাব হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় পুলিশের দেওয়া চার্জশিটের ভিত্তিতে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, বিভিন্ন আলামত ও ডাক্তারি রিপোর্ট পর্যালোচনা শেষে বিচারক দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।


