বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের শিশুদের জন্য ম্যান ইউ’র বদান্যতা

Manu-BDzইংল্যান্ডের খ্যাতনামা ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি বহু বছর ধরে সমাজ সেবামুলক কাজও করে আসছে ক্লাবটি। এবার এরই অংশ হিসেবে বাংলাদেশের অবহেলিত শিশুদের জন্য ইউনিসেফকে ২ লাখ ৩০ হাজার পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা) সমপরিমাণ অর্থ যোগাড় করে দিয়েছে লুই ফন গল- ওয়েন রুনিদের দল।

গত ১৬ বছরে বিশ্বব্যাপী ৩৪ লাখ শিশুর জীবন পরিবর্তনে যৌথভাবে কাজ করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও ফুটবল জায়ান্ট ম্যানইউ। ইতোমধ্যে তাদের মিলিত চেষ্টায় ৩০ লক্ষ পাউন্ড ব্যয় করা হয়েছে। এবার বাংলাদেশের শিশুদের পাশে দাঁড়াবে তারা; উদ্দেশ্য পানিতে ডুবে শিশুমৃত্যুর হার কমানো।

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ’র ১৬তম বার্ষিক নৈশভোজ ‘ইউনাইটেড ফর ইউনিসেফ গালা ডিনার’ অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই বাংলাদেশের শিশুদের দাতব্য সহায়তা দিতে রেকর্ড ২ লক্ষ ৩০ হাজার পাউন্ড অর্থ সংগৃহীত হয়েছে।

গত ১৬ বছর ধরেই বিশ্বের দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে ইউনিসেফ ও ম্যানইউ বার্ষিক নৈশভোজের আয়োজন করে থাকে। সেই নৈশভোজ থেকে সংগৃহিত অর্থ ইউনিসেফ শিশুদের সহায়তায় ব্যয় করে। গত বছর ১৫তম গালা ডিনারে ভিয়েতনামের সুবিধাবঞ্চিত শিশুদের নিপীড়ন, অবহেলা ও শোষণের হাত থেকে রক্ষা করতে ২ লক্ষ ১০ হাজার পাউন্ড সংগৃহীত হয়েছিল। তবে ম্যানইউর নৈশভোজ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে এবারের অর্থের পরিমাণ অন্যান্য বারের রেকর্ড ভেঙ্গেছে।

ম্যানইউ এর অফিসিয়াল ওয়েবসাইটে ইউনিসেফের বরাদ দিয়ে জানানো হয়েছে যে, বাংলাদেশের শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে এ অর্থ ব্যয় করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। যেখানে প্রতি ২৯ মিনিট ১ জন ও বছরে ১৮ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। তাই পানিতে ডুবে মরা রোধে প্রশিক্ষণ দিতে সাঁতার শিক্ষক তৈরি ও তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিরাপদ সাঁতার সম্পর্কে সমাজে সচেতনতা বাড়াতে ইউনিসেফ প্রশিক্ষণ দিবে।

গালা ডিনারে ম্যানইউ কোচ লুইস ফন গল, তার কোচিং স্টাফ এবং ওয়েইন রুনিসহ দলের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লুইস ফন গল বলেছেন, ‘আমি নিজেসহ খেলোয়াড়েরা এমন চমৎকার উদ্যোগে অংশীদার হতে পেরে সম্মানিত বোধ করছি। এ টাকা বাংলাদেশের শিশুদের রক্ষায় ব্যয় হবে, আর এতে যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

দলটির সহকারী কোচ ও সাবেক ইংলিশ ফুটবল তারকা রায়ান গিগস বলেছেন, ‘এ বছরে ইউনিসেফের সাথে অনেক কাজ করেছি; কিন্তু এ চ্যারিটি আমার হৃদয় ছুঁয়েছে। এতে ক্লাব ও সমর্থকরাও গর্বিত।’

অনুষ্ঠানে অংশ নিয়ে ইউনিসেফের যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিচালক ক্যাথরিন কাটরেল বলেছেন, ‘নৈশভোজে যে তহবিল সংগৃহীত হয়েছে তা বাংলাদেশের শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।’

আরও পড়ুন