যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামে দু’দল চরমপন্থীর মধ্যে সংঘর্ষে বিদ্যুৎ কুমার রায় (৩৫) নামে এক চরমপন্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রানাগাতি গ্রামের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুমার উপজেলার রানাগাতি গ্রামের সুকুমার রায়ের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন জানান, গতকাল গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে রানাগাতি শ্মশানঘাট এলাকায় দু’দল চরমপন্থী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় এক পক্ষের গুলিতে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী বিদ্যুৎ কুমার রায় নিহত হন। খবর পেয়ে পুলিশ রাতেই বিদ্যুতের লাশ উদ্ধার করে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত বিদ্যুৎ সর্বহারা দল করতো। সে তালিকাভুক্ত চরমপন্থী। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ বিভিন্ন ধারার ৯টি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।


