আসন্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বীদের জন্য ৭৪টি প্রতীক বরাদ্দ রেখে বুধবার পরিপত্র দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ অনুযায়ী- মেয়র প্রার্থীদের জন্য প্রতীক থাকছে ৫২টি, সাধারণ কাউন্সিলরের জন্য ১২টি এবং সংরক্ষিত কাউন্সিলরের জন্য ১০টি প্রতীক।
দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪০টি, তাদের প্রতীকগুলো থাকবে, এর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১২টি যোগ হবে। নৌকা, ধানের শীষ, লাঙ্গলের মতো পরিচিত প্রতীকগুলোর সঙ্গে সব মিলিয়ে ৭৪টি প্রতীক রাখা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, তিনটি পদে নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী হলে অতিরিক্ত প্রতীক দেওয়া হবে।
“সংসদ নির্বাচনে দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৬৫টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় নির্বাচনেই এখন সবচেয়ে বেশি প্রতীক ব্যবহার হবে।”
দলভিত্তিক স্থানীয় নির্বাচন হওয়ায় ৪০টি দলীয় প্রতীক নিয়ে এখন সিটি, পৌর ও ইউনিয়ন পরিষদে প্রতীক হবে ৭৪টি করে এবং উপজেলায় এ সংখ্যা দাঁড়াবে ৮৬টিতে।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী- বৃহস্পতিবারই শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া। মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর। বাছাইয়ে যারা বাতিল হবে তাদের আপিল করার সুযোগ রয়েছে জেলা পর্যায়ের আপিল কর্তৃপক্ষের কাছে।
বৈধ প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবে ১৪ ডিসেম্বর।


