জন্মদিন নয়, নিজের ছবি ‘ডেথ অফ গ়ঞ্জ’ নিয়ে পুরোদস্তুর ব্যস্ত এখন কঙ্কনা সেনশর্মা। চিত্রনাট্যের সঙ্গে সঙ্গে ছবির কাস্টিং নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন তিনি। সম্প্রতি ‘লুটেরা’-র নায়ক বিক্রান্ত মাসিকে কাস্ট করেছেন তিনি। প্রকাশ ঝা প্রোডাকশনের ছবি লিপস্টিক ওয়ালে সপনে শুট করতে করতেই বিক্রান্তের অভিনয় তাঁর ভাল লেগেছিল। প্রস্তাবটা দিতেই তত্ক্ষণাত্ রাজি হয়ে যান বিক্রান্ত।
‘‘স্ক্রিপ্টটা খুব মন দিয়ে লিখেছি। আসলে আমি সব কিছু বেছে বেছে মনের মতো করে করতে চাই। তাড়াহুড়ো করতে চাই না। পরিচালনা করতে গিয়ে ছেলেকেও দূরে দূরে রাখতে চাই না’’, বলছিলেন ওয়েক আপ সিড-এর এই নায়িকা।
তলবার নিয়ে যতই সমালোচনা হোক, গুলজারের প্রযোজনায় মেঘনা গুলজারের পরিচালনায় এই ছবিতে অভিনয় করে তিনি যারপরনাই উচ্ছ্বসিত। বলছিলেন, ‘‘বিশালের সঙ্গে ওমকারা করার সময় থেকেই আমার আলাপ। সেটে দেখেছি এক জন অভনেত্রীকে ও কতটা স্বাধীনতা দেয়। অভিনয়টা স্বতস্ফূর্ত ভাবে করা যায়। তলবার-এ বিশালের চিত্রনাট্যে কাজ করা তাই এক অন্য রকম অভিজ্ঞতা।’’
আসলে বরাবরই অন্য ধারার চরিত্রে অভিনয় করেছেন এই শক্তিশালী অভিনেত্রী। লাইফ ইন আ মেট্রো-র কোঅ্যাক্টর ইরফান খানকে প্রকাশ্যে ‘ইন্টারন্যাশনাল হিরো’ বলে প্রশংসা করলেও তাঁর নিজের এখনও হলিউড ছোঁয়া হয়নি। কাজপাগল এক জন মানুষ হিসেবে এ নিয়ে তিনি আদপেই চিন্তিত নন। জীবনে যখন যেটা আসার ঠিক সময়ই আসবে বলে বিশ্বাস করেন। কখনও শরদিন্দুর দীপা, কখনও রবীন্দ্রনাথের কাদম্বরী বা লাবণ্য, কখনও বা মিসেস আইয়ার। অভিনয়ের মতো জীবনটাকেও চ্যালেঞ্জ হিসেবে নিতে শিখেছেন অপর্ণা সেনের এই মেয়ে। সোজাসাপটা ট্যুইট করে জানিয়েছিলেন, রণবীর শোরের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা।
তার আড়াই মাস কেটে যাওয়ার পরেও তাঁকে আর রণবীরকে এক সঙ্গে দেখা গেল তিতলি-র স্পেশাল স্ক্রিনিং-এ। ছেলে হারুণের জন্যই হয়তো তার বাবা রণবীর শোরের সঙ্গে স্বাভাবিক বন্ধুতা বজায় রেখেছেন কঙ্কনা। তিতলি-র স্পেশাল স্ক্রিনিং-এ রণবীরের ভূয়সী প্রশংসাও করলেন তিনি। আসলে জীবনটাকে সহজ ভাবে কাজের মধ্যে দিয়ে নিতে পেরেছেন কঙ্কনা আর রণবীর। কঙ্কনা যখন নতুন ছবি নিয়ে ব্যস্ত ঠিক তখন রণবীর তাঁর নতুন নাটক ম্যাকবেথের কাজে হাত দিয়েছেন।
অভিনেত্রী, পরিচালক হওয়ার সঙ্গে সঙ্গে কঙ্কনা যথেষ্ট সময় সচেতন। ‘‘আমি প্রচুর পুরুষ দেখেছি যাঁরা অনুভূতি সম্পন্ন। তবু বলতে চাই, ইন্ডাস্ট্রিতে আরও মহিলা পরিচালকের প্রয়োজন। আজও নায়িকাদের পারিশ্রমিক নায়কদের চেয়ে কম। এটা ভাবতে খুব অবাক লাগে।’’ এ ভাবেই বারে বারে কঙ্কনা ফিরে আসেন স্বমহিমায়, অভিনয়ের ওজস্বীতায়, আপন দাঢ্যে। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, কঙ্কনা।-আনন্দবাজার।


