বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রচারণার সময় কম পাওয়ার অভিযোগ বিএনপির

bnp-flagস্থানীয় নির্বাচনে অংশ নিতে যে সময় দেয়া হয়েছে তা পুরোপুরি প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় বলে মনে করে বিএনপি। এছাড়া নির্বাচন কমিশন যে আচরণ বিধি ঠিক করে দিয়েছে তাও দলটির জন্য নেতিবাচক হবে বলে মনে করে দলটি। এদিকে, আওয়ামী লীগ বলছে- আস্থাহীনতা থেকেই এমন বক্তব্য দিচ্ছে দলটি।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনে অংশ নিতে পৌরসভাগুলোতে চলছে প্রার্থীদের প্রস্তুতি। ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থীদের থেকে দেয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন।

তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত যে সময় দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করে বিএনপি। এদিকে, আস্থাহীনতা থেকেই দলটি এমন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘অত্যন্ত তড়িঘড়ি করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সরকারি দলের অনেক সুযোগ সুবিধা থাকে। ঘরোয়া সভা করলেও ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে। বিএনপির জন্য এই আচরণবিধি অসুবিধাজনক।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তাদের এখন সম্বলই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা। তাদের অতীতের অপকর্ম এবং এখনও যে অপকর্ম করছে তাতে জনগণের কাছে যাওয়ার মতো কোন অবস্থা নেই।’

দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মনোনয়ন নিয়ে প্রধান দুই দলেই সৃষ্টি হয়েছে নানা জটিলতা। তবে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই তৃণমূলের মতামতেই মনোনয়ন দিয়েছে বলে দাবি নেতাদের।

বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তৃনমূল পর্যায় থেকে প্রার্থীদের সম্পর্কে সুপারিশ করা হয়েছে।’

সুষ্ঠুভাবে নির্বাচন হলে ৭৫ ভাগ আসনে বিএনপি জয়ের প্রত্যাশা করলেও আওয়ামী লীগের দাবী, পেট্রোল বাজ ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের বয়কট করবেন ভোটাররা।

আরও পড়ুন