পৌর নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণাকালে এ হুঁশিয়ারি দেন হানিফ। এসময় অন্যান্যের মধ্যে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ ও মিজবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, এবার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে যদি কেউ কাজ করে বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে তাহলে তাকে দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’
হানিফ বলেন, ‘আমি মনে করি আওয়ামী লীগ নেতাকর্মীরা দলের প্রতি অনুগত। তারা কেউই শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেতে চাইবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ দল থেকে বহিষ্কার।’


