কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামের পায়ের রগ শিবির কর্মীরা কেটে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলামকে জেলা জামায়াতের কার্যালয়ে তুলে নিয়ে যায় শিবির কর্মীরা।
এ সময় তাকে ব্যাপক মারধর করে ডান পায়ের রগ কেটে দেয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা জামায়াতের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


