বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রিদ্রোহীরা বসে না গেলে বহিষ্কার

Mahbub-Ul-Alam+Hanifপৌরসভা নির্বাচনে দলের ‘বিদ্রোহী প্রার্থীরা’ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নিলে তাদের বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে হানিফ বলেন, “বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যদি কেউ ১৩ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”

সাংবাদিকদের তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেবে না।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এ নির্বাচন হচ্ছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার।

আওয়ামী লীগের পক্ষ থেকে ইসিতে দল মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলেও দিন শেষে দেখা যায়, অনেক পৌরসভায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক স্থানীয় নেতা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ‘মনোনয়নবঞ্চিত’ এসব প্রার্থীর কথায় ‘কান না দিতে’ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান হানিফ।

“দলের প্রতিটি স্তরে নির্বাচন করার মতো একাধিক প্রার্থী আছেন। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, তারা উল্টোপাল্টা বলবে– এটাই স্বাভাবিক। তাদের কথায় কান দেওয়ার কোনো সুযোগ নেই।”

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হানিফ ‘দুই-একটি জায়গায় কৌশলগত কারণে একাধিক প্রার্থী’ রাখার কথা বলেছিলেন।

‘নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই’- বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়ার কারণেই তাদের নির্বাচনে ‘অনীহা’ তৈরি হয়ে থাকতে পারে।

“বিএনপি বরাবরই মিথ্যাচার করে আসছে। এখন তারা জনবিচ্ছিন্ন। এ কারণেই হয়তো পৌর নির্বাচন নিয়ে কোনো ভাবনা নেই তাদের।”

তবে শেষ পর্যন্ত বিএনপি এ নির্বাচনে ‘থাকবে’ বলেই হানিফের বিশ্বাস।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে যে গাইড লাইন দিয়েছিলাম তাদের (তৃর্ণমূল) সুপারিশ এবং আমাদের মাঠ জরিপের তথ্য নিয়ে প্রার্থিতা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের এত বাইরে চলে গেছে যে চেষ্টা করে এই নির্বাচনে জয়লাভ করার সুযোগ নেই। এ জন্য সরকারের বিরুদ্ধে নানা অপ-প্রচার ও মিথ্যাচার করে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা।’

হানিফ বলেন, ‘বিএনপি এখন মিথ্যাচারের মধ্যেই আছে। এইটা নিয়ে জনগণ মাথা ঘামাচ্ছে না। বিএনপি যেমন নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে দাবি করছে, জনগণও বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না।’

তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের বিশ্বাসী তারা নির্বাচন করবে। আমি আশা করি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছিল। রাজনীতি থেকে অনেকটাই ছিটকে পড়েছিল। স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয় তাহলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

আরও পড়ুন