বুধবার ৪ নভেম্বর ২০২৬

লড়াই করে বাংলাদেশের হার

Bangladeshটি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  তবে সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে আগেই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রেখেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার ব্যাংককে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ন্ত সূচনা করে আইরিশ মেয়েরা। জাহানারা আলমের প্রথম ওভারে ১১ রান নেয় তুলে নেয় দলটি। অভিজ্ঞ সালমা খাতুনের ওভারে নেয় ১৩ রান। ২ ওভারেই আয়ারল্যান্ডের সংগ্রহ ২৪!

এই দুই ওভারে যে রানরেট বৃদ্ধি পেয়েছে সেটা শেষ অবধি সুবিধা দিয়েছে আয়ারল্যান্ডকে। মাঝে বাংলাদেশের বোলাররা চেপে ধরলেও জয় ছিনিয়ে নিতে পারেনি। ম্যাচের ফল পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। দারুণ উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ যথারীতি রানার্স আপ।

বল হাতে বাংলাদেশের রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন সালমা খাতুন। ৩টি উইকেট এসেছে রান আউটের খাত থেকে। ব্যাট হাতে আয়ারল্যান্ডের সিসেলিয়া জয়েসি সর্বোচ্চ ৩২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৬ রান আসে ডিলানির ব্যাট থেকে।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানের মাথায় রুমানা আহমেদের বলে আউট হয়ে ফিরে যান শিলিংটন (১২)। এরপর ২৯ রানের মাথায় নাহিদা আক্তারের বলে আউট হয়েছেন কিম গার্থ (২)। দলীয় ৪১ রানে নাহিদা আক্তারের দ্বিতীয় শিকারে পরিণত হন ডল্টন (৫)। ৫৫ রানের মাথায় খাদিজাতুল কুবরার ওভারে রান আউটে কাটা পড়েন আয়ারল্যান্ডের অধিনায়ক ইসোবেল জয়েসি (৮)।

দলীয় ৬৬ রানের মাথায় রুমানা আহমেদের বলে লতা মণ্ডলের হাতে ক্যাচ দিয়ে আউট হন সিসেলি জয়েসি। তিনি ৩০ বলে ২চার ও ১ ছক্কায় ৩২ রান করেন। ৯০ রানের মাথায় গ্যাবি লিউইস রান আউট হন। ৯২ রানে ম্যারি ওয়ার্ল্ডনকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ফেরত পাঠান সালমা খাতুন। ৯৭ রানে রায়ান লিউইসকে রান আউট করে দারুণভাবে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় শেষ ওভারে। জয়ের জন্য অপেক্ষা করতে হয় শেষ বল পর্যন্ত। শেষ বলে ১ রান নিয়ে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয় আয়ারল্যান্ডের মেয়েরা।

এর আগে ব্যাট করেতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান সংগ্রহ করেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। এরপর আয়ারল্যান্ডের বোলার মেটকাফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শারমিন আক্তার (৯)। পরের বলেই লতা মণ্ডলকে (০) সাজঘরে ফেরান তিনি। তৃতীয় উইকেট জুটিতে নিগার ও রুমানা মিলে ৭৪ রান সংগ্রহ করেন। কিন্তু দলীয় ৯৫ রানের মাথায় সেই মেটকাফের বলেই আউট হন নিগার সুলতানা। এরপর বাকি সময়ে আর কোনো উইকেট না হারিয়েই ইনিংস শেষ করে বাংলাদেশের মেয়েরা। রুমানা আহমেদ ৩৮ ও ফারজানা হক ৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ দল : জাহানারা আলম*, সালমা খাতুন, নিগার সুলতানা, শারমিন আক্তার, লতা মণ্ডল, রুমানা আহমেদ, ফারজানা হক, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি ও খাতিজাতুল কুবরা

আরও পড়ুন