ইসলামবিরোধী তথ্য প্রচার করার অভিযোগ এনে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে দাবি জানিয়েছেন ওলামারা।
শনিবার পুলিশ সদর দফতরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওলামা ও ইমাম-খতিবদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা অনুষ্ঠানে এ দাবি করা হয়।
জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদী প্রচার চালালে তা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তবে পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা মনে করেন চ্যানেলটি যদি জঙ্গিবাদী প্রচার চালায় তাহলে তা বন্ধ করে দেয়া উচিত।
ওলামা ও ইমামেরা বলেন, ওয়াহিবি, জাহাবি, সালাফি, মওদুদবাদী হিযবুত তাহরির সব একই গোষ্ঠী এবং তারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত।
এসময় আইজিপি ওলামা-ইমামদের সহযোগিতা চেয়ে বলেন, জঙ্গিবাদের নামে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। তাই ইসলামের সঠিক দর্শন প্রচার করতে হবে। অনেক মসজিদ আছে যেখানে জঙ্গিবাদকে উসকে দেওয়া হয়। এসব মসজিদের খোঁজখবর রাখতে হবে।
আলোচনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের সঙ্গে ৩৫টি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবেরা অংশ নেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুজন শিক্ষকও ছিলেন। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভা চলে।


