লেগুনা মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় এই ঘটনায় দগ্ধ মিস্ত্রি কামাল হোসেন ও লেগুনানাটির মালিকের ছেলে বেলায়েত হোসেনকে জেলা সদর হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ঝুমুর এলাকায় লেগুনার মালিক কামাল হোসেনের গ্যারেজে লেগুনাটি মেরামত ও ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় লেগুনাটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে লেগুনাটিতে আগুন ধরে যায়। এ সময় মেরামত কাজে থাকা ওই মিস্ত্রি কামাল ও বেলায়েত দগ্ধ হন। লক্ষ্মীপুর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. সালাউদ্দিন।


