ফরিদপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন (৩৭) ওরফে হাত কাটা শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের বাইপাস রোড এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশটির মাথায় একটি বুলেটের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুর কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, নিহত ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হাত কাটা শাহীনের বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেও দীর্ঘদিন ধরে পলাতক থাকেন।
শাহীনের স্ত্রী শাহানা আক্তার জানান, শনিবার ভোর ৫টার দিকে যশোরের এক আত্মীয়ের বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন শাহীনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরাত চিকিৎসক ড. সিরাজুল ইসলাম জানান, ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিত লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। লাশটি মাথায় গুলির আঘাত ছিল।


