উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র ছাড়া এসব প্রতিহত করা খুব কঠিন হবে। এজন্য আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।
রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছেন, আজ জাতীয় ঐক্য সৃষ্টি করা প্রয়োজন। বাংলাদেশের যে বিপদ, যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছে, এর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। আমি সেই ঐক্যের আহ্বান আবার জানাচ্ছি।”
অনেক ত্যাগের বিনিময়ে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারের উচিত হবে সামনের দিকে এগিয়ে আসা, উদ্যোগ গ্রহণ করা। আলাপ-আলোচনা-সমঝোতার মাধ্যমে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকারগুলো ফিরে দেওয়া।”
ফখরুল বলেন, “আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একদিকে যেমন আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, অন্যদিকে সব ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারি। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের প্রত্যাশা।”


