বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পৌরভোটে সহিংসতার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা

Pouro-voteআসন্ন পৌরসভা নির্বাচনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঘটতে পারে, এমন আশঙ্কা করছেন নির্বাচন পর্যবেক্ষকেরা। তারা বলছেন, নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার অভাবই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর অন্যতম কারণ বলে মনে করেন তারা।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৮০ জন এবং বিএনপির ৫০ এর অধিক প্রার্থী ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে।

ইতোমধ্যে এসব বিদ্রোহী প্রার্থী দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন নিজ নিজ দলে। কেন্দ্র থেকে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে তৃণমূলে অনেক জায়গায় ঘটেছে প্রার্থীদের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও।

নির্বাচন পর্যবেক্ষক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘রাজনৈতিক আদর্শ থেকে ক্রমশ রাজনৈতিক দলগুলোর সরে নেতৃত্বের প্রতি আস্থাহীনতা বিদ্রোহী প্রার্থী তৈরির মূল কারণ।’

তাদের আশঙ্কা, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে সৃষ্ট যেকোনো ধরণের সহিংসতার ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে।

নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ বলেন, ‘নির্বাচনের আগের পরিবেশ ইতোমধ্যে উত্তপ্ত হয়ে গেছে। নির্বাচনের দিন যে সংঘর্ষ হবে না একথা আমরা বলতে পারব না।’

ধাপে ধাপে পৌরসভা নির্বাচনের আয়োজন করা হলে এক্ষেত্রে সুব্যবস্থাপনা তুলনামূলক ভালো হতে পারতো বলেও মনে করেন পর্যবেক্ষকেরা।

আরও পড়ুন