বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাত খুনের আবার তদন্ত চান সুরঞ্জিত

216c185db10121412a6a86a8215b4318নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার পুনঃতদন্তের দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, “নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, তাকে কেন প্রশ্ন করা হবে না? এটা হতে পারে না।… চার্জশিটের পুনঃতদন্ত করতে হবে।”

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন সুরঞ্জিত। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও তার চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককে অপহরণের পর হত্যা করা হয়। প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল আরেক কাউন্সিলর নূর হোসেন ও তিন র‌্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন পালিয়ে ভারতে চলে গেলেও সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়েন। পরে সরকারি যোগাযোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

কিন্তু সাত খুনের মামলায় ইতোমধ্যে বিচারক অভিযোগপত্র গ্রহণ করায় পুলিশ নূর হোসেনকে রিমান্ডে নেয়ার কোনো আবেদন না করে তাকে কারাগারে পাঠায়।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে ‘মূল ঘটনা’ দেশবাসীর সামনে উপস্থাপন করতে হবে।

দিনাজপুরের কান্তজিউর মন্দির প্রাঙ্গণে রাস মেলার যাত্রাপ্যান্ডেলে বোমা হামলার তদন্তে পুলিশের ভূমিকার সমালোচনা করেন ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা। বলেন, “একজন পুলিশকে সাসপেন্ড করে দিলেন, আর এ ঘটনা শেষ হয়ে গেল? তা হয় না। তখন ওসি সাহেব কোথায় ছিলেন? এই ঘটনায় দেশি-বিদেশি মানুষের মনে দাগ কেটেছে। পুলিশের সীমাহীন গাফলতির কারণে ওই ওসিকে ক্লোজড করতে হবে।”

পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, “বিএনপি এখন পেট্রলবোমা রেখে নির্বাচনে এসেছে। এই নির্বাচনে ক্ষমতা বদল না হলেও নৌকা, ধানের শীষ দেখা হবে। ফলে অবরুদ্ধ গণতন্ত্রের পথ বিকশিত হবে।”

আরও পড়ুন