বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘অচিরেই ফেইসবুক খুলে দেব’

homeminister-asad“বিশেষ পরিস্থিতির কারণে ফেইসবুক বন্ধ রাখা হয়েছিল। আমরা নিরাপত্তার স্বার্থে ইত্যেমধ্যে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। অচিরেই আমরা ফেইসবুক খুলে দেব।”

মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছে বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওইদিন ফেইসবুকের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকে ‘ফলপ্রসূ আলোচনা’ হওয়ার কথা বললেও বাংলাদেশে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্বাচন কমিশন সঠিক ও নিরপেক্ষভাবে নির্বাচনী কাজ পরিচালনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এখানে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত রয়েছে। আমরা সেইভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি।”

জঙ্গিবাদ সারা বিশ্বের জন্য হুমকি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে জঙ্গি হামলা হচ্ছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী অনেক ভালো কাজ করছে। আমাদের দেশে মাঝে মাঝে দুয়েকটি ঘটনা ঘটছে, আমার সেটি শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছি।”

আরও পড়ুন