বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভোট সুষ্ঠু হবে: সিইসি

CEC20151027093214বিএনপিকে আশ্বস্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

মঙ্গলবার বিকালে মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করার পর সন্ধ্যায় কাজী রকিব সাংবাদিকদের এ কথা বলেন।

‘নির্বাচন করার মতো পরিবেশ নেই’ বিএনপির এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সংসদ সদস্যদের শোকজও করেছি। আশা করছি, আইন মোতাবেক সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

বিকালে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বিএনপি নেতা মঈন খান সাংবাদিকদের বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে অনেক জায়গায়। প্রচারেও যদি এভাবে বাধা আসে ও ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে প্রচারে সমান সুযোগ থাকবে কীভাবে?’

এ বিষয়ে জানতে চাইলে ইসি প্রধান বলেন, বিএনপি আমাদের কাছে অভিযোগ করেছেন- অনেক জায়গা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তারা আমাদের সাহায্য চেয়েছেন, আমরা তাদের সাহায্য করেছি।

দেশের ২৩৫টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো দলীয় মনোনয়নে দলীয় প্রতীকে লড়বেন মেয়রপ্রার্থীরা।

আরও পড়ুন