যশোরে শুরু হয়েছে খেজুর গাছের রস আহরণ ও গুড় তৈরির কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন গাছি ও তাঁর পরিবার। দেশব্যাপী খাজুরার প্রসিদ্ধ নলেন গুড় ও পাটালির চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন গাছিরা।
নলেনগুড়,পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরা, তেজরোল, এনায়েতপুর, লেবুতলা, পান্তাপাড়া, জাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝেলি, মথুরাপুর, তেলকুপ, মির্জাপুর।
এসব এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি খেজুর গাছ। কার্তিক মাস শুরুর সাথে সাথেই খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেন এ অঞ্চলের কৃষকরা। শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি।
শীতের এ মৌসুমে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গ্রামের বধূরাও। স্থানীয়রা জানিয়েছেন, ঐতিহ্য থাকলেও সেই জৌলুস আর নেই। খেজুর গাছ উজাড় হওয়ায় ও কঠোর পরিশ্রমের কারণে অনেকেই বাদ দিয়েছেন এ পেশা। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় ৭২৩ হেক্টর জমিতে সাড়ে ১০ লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে ৭ লাখ গাছ থেকে রস আহরণ করা হয়।



Leave a Reply