বুধবার ৪ নভেম্বর ২০২৬

আদালত অবজ্ঞা: মাউশি ডিজি ফাহিমা ও সহকারী পরিচালককে তলব

fahima_425855475আদালতের নির্দেশ না মানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ফাহিমা খাতুন ও সহকারী পরিচালক (কলেজ শাখা) হেলাল উদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে জানতে চেয়েছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি মেফতাহ উদ্দিন চৌধুরী ও মজিবুর রহমানের দ্বৈত বেঞ্চ আগামী ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অধ্যাপক ফাহিমা খাতুন ও হেলাল উদ্দিনকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা সচিব, অধ্যাপক ফাহিমা খাতুন, হেলাল উদ্দিনসহ আদালত অবমাননার অভিযোগে সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।’

রংপুর মডেল কলেজের চার শিক্ষকসহ পাঁচজনের এমপিও (সরকারি বেতন-ভাতাদি) স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তাদের নেওয়া টাকাও ফেরত দেওয়ার কথা বলা হয়। এর বিরুদ্ধে রিটটি করা হলে আদালত তা স্থগিতের আদেশ দেন।

এই পাঁচজন হলেন—কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) আহসান হাবীব, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান ) মো. তৈয়ব মিয়া, প্রভাষক (দর্শন) কাজী খালেদ, প্রভাষক (ইংরেজি) জকিরুল ইসলাম ও প্রদর্শক (কম্পিউটর ) মো. মমিনুর রহমান।

আদালতের স্থগিতাদেশ থাকাবস্থায় অধিদপ্তর চলতি বছরের নভেম্বরে আবারো ওই পাঁচজনকে চিঠি দেয় এবং তাদের এমপিও কেন বাতিল করা হবে না, তা জনতে চায়।

এর বিরুদ্ধে ভুক্তভোগীদের একজন এই রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন