রাজধানীর নারিন্দায় মেস বাড়িতে আগুনে দগ্ধদের মধ্যে সুমন (৪০) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সুমনের মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক খবরটি জানিয়েছেন।
ভোরে নারিন্দা মোড়ের ‘হা-মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলার মেস বাড়িতে আরও দুজনের সঙ্গে দগ্ধ হন সুমন। পুলিশ বলছে, মেসের ওই ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
সুমনের শরীরের ৮৫শতাংশ পুড়ে গিয়েছিল। আর শাকিবের ৩২ শতাংশ এবং শহীদের শরীরের ৮৫শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাকিব ও শহীদেরও অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেসের দরজায় তালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দয়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ওই মেসের বাসিন্ধা সুমন (৪০), শাকিব (৩৫) এবং শহীদুল ইসলাম শহীদ (২৭)। তারা মোটরপার্টস দোকানে কাজ করতেন বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক জানান, ভোর ৪টার দিকে কে বা কারা দরজায় তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। মেসের বাসিন্দাদের আগুন আগুন চিৎকার শুনে স্থানীয়রা তালা ভেঙে তাদের উদ্ধার করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই নূরুল ইসলাম।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই আগুন নিভে যায়। দরজা থেকে একটি ভাঙা তালা ও হাতুরি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ বলে জানান তিনি।


