আগামী ৭২ ঘন্টার মধ্যে বাজার থেকে ভিটামিন ‘এ’ বিহীন ভোজ্যতেল তুলে নেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে বেলা ১২টার সময় মন্ত্রী এ নির্দেশ দেন।
এর আগে এফবিসিসিআই মিলনায়তনে “ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩” এবং “ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বিধিমালা-২০১৫”র ওপর আয়োজিত অবহিতকরণ কর্মশালার উদ্বোধন করেন আমু।
এ সময় মন্ত্রী বলেন, “ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ একটি আন্তর্জাতিক কর্মসূচি। জাতিসংঘের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রশন (গেইন) এবং ইউনিসেফের সহায়তায় বিশ্বব্যাপী দরিদ্র জনগণের পুষ্টিমান উন্নয়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।”
রিফাইনারি মালিকদের উদ্দেশ্যে আমু বলেন, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা থাকলেও কোনো কোনো রিফাইনারি মালিক এ আইনের বিরোধিতা করে আদালতে রিট করেছিল। জনস্বার্থে আদালত এ রিট খারিজ করে দিয়েছে। এখন থেকে যারাই এ আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জাতীয় স্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী মন্ত্রী।


