বুধবার ৪ নভেম্বর ২০২৬

পৌর নির্বাচনের বারোটা বাজার চেষ্টা চলছে: বিএনপি

BNP-Ruhul-Kabir-Media-picপ্রশাসনের নাকের ডগায় পৌর নির্বাচনের বারোটা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর ২০১৫, ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে পূতিগন্ধময় হয়ে উঠেছে। সারা দেশে ভীতিকর পরিস্থিতি এখন বিরাজমান।’

রিজভী অভিযোগ করেন, প্রতিনিয়ত মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশনের সতর্কতা উপেক্ষা করে মন্ত্রী-এমপিরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন কারণ দর্শনোর নোটিশ দিয়েই দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।

নির্বাচন কমিশেনর উদ্দেশে রিজভী বলেন, ‘আগামী পৌরসভা নির্বাচন নিয়ে সরকারের অশুভ অপকর্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজের আত্মা ও নীতিবোধকে কলঙ্কিত হতে দিবেন না। আর যদি ক্ষমতাসীন মহলের প্রদর্শিত পথ ধরেই হাঁটেন তাহলে ইতিহাসে আপনারা ধান্দাবাজ বলেই অভিহিত হবেন।’

অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের শীর্ষ নেতাসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে- ডা. এ জেড এম জাহিদ হাসান, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন