ফেসবুক পেজ ‘মজা লস’ এর এ্যাডমিন রাফায়াত আহম্মেদকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ভাটারা থানায় দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রফ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজকুরুনী খান চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান। তিনি বলেন, “মজালস পেইজে সরকার ও রাষ্ট্র বিরোধী প্রচারণা এবং নানা ধরনের কটূক্তি করা হয়। বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তা থেকে রিফায়েতকে গ্রেপ্তার করা হয়।”
মজালস (moja losss?) একটি ব্যঙ্গধর্মী পেজ; যেখানে বিভিন্ন বিষয়ের সমালোচনা বা আলোচনা করে ব্যঙ্গাত্মক কার্টুন ও মন্তব্য প্রকাশ করা হয়।


