সরকারের সব মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডার ডিজিটাল করতে পদক্ষেপ নিচ্ছে তথ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলোর মাসিক পর্যালোচনা সভা পরিচালনাকালে তথ্যসচিব আগামী জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়াধীন সকল সংস্থাকে এ বিষয়ে তাদের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা দাখিল করার নির্দেশ দিয়েছেন। তথ্য মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোতে ডিজিটালাইজেশনের ওপর জোর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রতিটি সংস্থায় একটি তথ্যভাণ্ডার থাকবে। দৈনিক হাজিরা হতে হবে ডিজিটাল, যাতে করে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি জানতে পারে।
এ ছাড়া দপ্তরগুলোর ওয়েবসাইট হালনাগাদ করা, ই-টেন্ডারসহ সম্প্রচার পদ্ধতিকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
সভায় তথ্যসচিব মরতুজা আহমদ অধিদপ্তরগুলোতে ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় পূর্ণ প্রতিবেদন মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেন। সভায় ১০২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে মন্ত্রণালয়ের অনুমোদিত ছয়টি প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


