বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

PM_Padma Bridge Opening-4পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া খানবাড়ী এলাকায় পাইলিংয়ের কাজের উদ্বোধনের মধ্য দিয়ে মূল অবকাঠামো নির্মাণের উদ্বোধন করেন তিনি।

এর আগে দুপুর ১২ দিকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন তিনি।

সেতু নির্মাণে প্রমত্তা পদ্মায় নদীশাসন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে সকল অসাধ্য সাধন করতে পারে।

শরীয়তপুরে আনুষ্ঠানিকতা শেষে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। খানবাড়ী এলাকায় পাইলিংয়ের কাজ উদ্বোধন শেষে পদ্মা সেতু প্রকল্পের পদ্মা ১০ নম্বর রেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। এরপর দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু প্রকল্প এলাকার মাওয়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় নির্মিত মঞ্চে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজসাজ রব চলছে পদ্মার পারে। এরই মধ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে পুরো এলাকা। ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে পদ্মার পাড়। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতা-কর্মীরা একাধিক তোরণ সাজিয়েছেন পদ্মা সেতু এলাকাজুড়ে।

সম্ভাব্য দুর্নীতি অভিযোগ এনে ২০১১ সালে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। সরকারও বিশ্বব্যাংককে না বলে দেয়। পরে নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেয় সরকার।

২০১৪ সালে পদ্মা সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার। গত মার্চে নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

পদ্মা সেতুর নদীর শাসনের কাজ করছে সিনো হাইড্রো করপোরেশন এবং চায়না মেজর ব্রিজ কোম্পানি মূল সেতুর নির্মাণকাজ করছে।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এতে মোট পিলার ৪২টি। চায়না মেজর ব্রিজের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে সেতুটি উদ্বোধন হবে অর্থাৎ গাড়ি চলাচল শুরু হবে।

আরও পড়ুন