বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পাবনায় স্কুলছাত্রের চোখ উপড়ে হত্যা

pabna_পাবনা জেলার আতাইকুলার মধুপুর গ্রামে স্কুলছাত্র শাকিল আকতারকে (১৪) অপহরণের পর শ্বাসরোধ ও দু’চোখ উপড়ে হত্যা করেছে অপহরণকারীরা। বাড়ির পাশে বাগান থেকে শনিবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাকিল মধুপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

শাকিলের বাবা বেলাল হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল শাকিল। এ সময় মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার খোঁজ মেলেনি।

তিনি জানান, রাত ১২টার দিকে শাকিলের মোবাইল ফোন থেকে তাকে ফোন করে মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করা হয়। কাউকে না জানিয়ে টাকা নিয়ে মধুপুর বাজারে আসতে বলা হয়।

কিন্তু টাকা নিয়ে সেখানে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাউকে পাওয়া যায়নি। এ সময় শাকিল বা অপহরণকারীদের মোবাইল ফোনও বন্ধ ছিল। শনিবার দুপুরে বাড়ির পাশে বাগানে ছেলের লাশ পাওয়া যায় বলে জানান তিনি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, দুপুরে বাড়ির পাশে একটি বাগান থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন