অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ সূবর্ণা ২০০৭ সালে সর্বশেষ অডিও গানে কণ্ঠ দেন। তার শেষ মিউজিক ভিডিও প্রকাশ হয় আরও দুই বছর আগে ২০০৫ সালে। এবার ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই গায়িকা।
সম্প্রতি রাজধানী তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাত ফিচারিং এই গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনা করেছেন রম্য খান।
আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিক্সড এ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও শোনা যাবে ‘সাড়া দাওনা’ গানটি। এর আগে বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।
কানিজ সুবর্ণা বাংলাদেশের একজন পপ ঘরনার শিল্পী। পিলু মমতাজের পর কানিজ সুবর্ণাকে ধরা হয় বাংলাদেশের পপ সঙ্গীতের সেরা গায়িকা। সঙ্গীত ভবনে বিরাট আলোড়ন তোলার পর হঠাৎ করে চুপ হয়ে যান বছর সাতেকের জন্যে।
কানিজ সুবর্ণা ২০০৬ সালে মাইলসের হামিন আহমেদকে প্রেম করে বিয়ে করে আমেরিকায় চলে যান দীর্ঘ সময়ের জন্য। এরপর পর পর দুটি সন্তান সব মিলিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কেটেছে তাঁর। বড় ছেলের নাম আইমান আর ছোট ছেলের নাম আজমান। ২০০৯ সালে ঢাকায় ফিরে আবার ব্যস্ত হওয়ার চেষ্টা করলেও সংসার এবং বাচ্চাদের বেশী সময় দিতে হয়েছে তাকে। ২০১৩ সালে কানিজ সুবর্ণা সঙ্গীত জগতে আবার সরব হয়ে উঠেন।


