বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘নির্বাচন সুষ্ঠু হলে মানুষ ধানের শীষে ভোট দিবে’

Hannan-Sahপৌর নির্বাচন সুষ্ঠু হলে জনগণ ধানের শীষে ভোট দিবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। আসন্ন পৌর নির্বাচনের যতই দিন যাচ্ছে, আওয়ামী লীগ ততই ভীত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় রবিবার দুপুরে আ স ম হান্নান শাহ এ সব কথা বলেন। ‘মহান বিজয় দিবস : বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল।

আলোচনায় হান্নান শাহ বলেন, ‘এই সরকারের পতন হবে। সেটা আন্দোলনের মাধ্যমে হউক আর সাংগঠনিকভাবেই হউক, এ সরকারকে বিদায় দিতে হবে।’

বিএনপির নেতাকর্মীরা এখন হামলা-মামলা ভয় পায় না বলেও মন্তব্য করেন হান্নান শাহ।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পৌর নির্বাচনে অনিয়মের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য শেষ পেরেক মরার ব্যবস্থা করেছে সরকার’

তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। জনগণ ভোট দিতে পারবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন