আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ। রোববার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরোনোর পর রাতে একথা জানান তিনি।
পৌরভোট সামনে রেখে গত বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। বৈঠকের পর বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৪ পৌরসভা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের বাইরে প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে যায় বলে গণমাধ্যমে এসেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ রোববার রাতে বলেন, “আজ পর্যন্ত যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সে আওয়ামী লীগ বা যে কোনো সহযোগী, ভ্রাতৃপতিম সংগঠনেরই হউক না কেন।”
তিনি বলেন, “কার্যনির্বাহী কমিটির আগামী সভায় তাদেরকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হবে।”
প্রার্থিতা প্রত্যাহারে বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এ পর্যন্ত ৬০ শতাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। যারা আজকের মধ্যে প্রত্যাহার করেনি তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।”
“১৩ তারিখের পর তাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে আজীবন বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হবে।”


