বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষকের কারাদণ্ড

sisoooo-jowচতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে নূর আলম লাল মিয়া (৩৬) নামে এক কোচিং সেন্টারের শিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান হাবিব রবিবার বিকেলে এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত লাল মিয়া জলঢাকা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে ও স্থানীয় নূর লার্নিং কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক।

অভিযোগে জানা যায়, দুপুরে ওই কোচিং সেন্টারের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষক নূর আলম চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে পড়ার নামে ক্লাসরুমে ডেকে নেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন তিনি। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের কাছে জানায়। খবর শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নূর আলমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এরপর পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত ওই সাজা প্রদান করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন