বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করছে: রিজভী

BNP_Buddhijibi-Dibosh_Mirpurআওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি।

“সরকার মুক্তিযুদ্ধকে বিক্রি করছে। আর আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য লড়াই করছি।”

দেশে অবরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে রিজভী সাংবাদিকদের বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা থেকে বের হতে পারব- এটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার।

“এখন আমরা ভয়ঙ্কর অগণতান্ত্রিক ও স্বৈরশাসনের মধ্যে দিয়ে যাচ্ছি; ব্যক্তি স্বাধীনতা নেই, কথা বললে মামলার পর মামলা দেওয়া হচ্ছে; মামলার হুমকি দেওয়া হচ্ছে। এর জন্য কী ৩০ লাখ শহীদ প্রাণ দিয়েছেন? ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছেন?”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাঙালি যাতে জাতি মেধা-মননে-গণতন্ত্রে সামনের দিকে এগোতে না পারে সেজন্যেই স্বাধীনতার ঊষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্য করা হয়।

এর আগে সকাল ১০টা ২০মিনিটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, উপদেষ্টা শাজাহান ওমর ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এসময় তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন