বুধবার ৪ নভেম্বর ২০২৬

বর্ধমান বিস্ফোরণে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

bardhaman--ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার কলকাতার নগর দায়রা আদালতে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এই অভিযোগপত্র দাখিল করে।

এনআইএ সূত্রে জানা গেছে, অভিযোগপত্রের সঙ্গে ৬৬ হাজার ৭৫৩ পাতার নথিপত্রও জমা দেওয়া হয়েছে। এবারের অভিযোগপত্রে নতুন করে নুরুল হক মণ্ডল ওরফে নঈম নামের একজনের নাম যুক্ত করা হয়েছে। বিস্ফোরণ-কাণ্ডে জড়িত সন্দেহে গত ২৯ নভেম্বর হাওড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে নঈমকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো। এর আগে গত ৩০ মার্চ ২১ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দেওয়া হয়। ওই ২১ জনের মধ্যে চারজন বাংলাদেশি। ২৩ জুলাই ছয়জনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগপত্র দেওয়া হয়।

এনআইএর পুলিশ সুপার বিক্রম খালাটে সাংবাদিকদের জানান, বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সর্বশেষ নুরুল হক মণ্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এই ২৮ জনের মধ্যে ১৮ জন এখন কারাগারে আছেন। বাকি ১০ জন পলাতক। এঁদের মধ্যে আবার নয়জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্ত সংস্থা এনআইএ জানিয়েছে, এই মামলায় সর্বমোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নয়জনের বিরুদ্ধে এখনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। এই মামলায় এখন পর্যন্ত ৪০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

গত বছরের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়। এঁরা হলেন শাকিল গাজি ও করিম শেখ। ওই ঘটনার পর এনআইএর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে যে বোমা ও গ্রেনেড তৈরি হচ্ছিল, এগুলোর গন্তব্য ছিল বাংলাদেশ।

আরও পড়ুন