বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নীরবের মৃত্যুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

nirob_180082রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে পাঁচ বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর জন্য তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।

গত রোববার চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আবদুল হালিম এ রিট আবেদনটি করেন।

স্বরাষ্ট্র সচিব, ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও করপোরেশনের সচিবসহ ১৩ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর আইনজীবী আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘রিটে তিনটি নির্দেশনা চাওয়া হয়েছিল। শুনানি নিয়ে আদালত তিন মাসের মধ্যে ঢাকা মহানগরের মানচিত্র অনুযায়ী সিটি করপোরেশনের আওতায় ঢাকনাবিহীন ম্যানহোল, নলকূপ ও পয়োনিষ্কাশনের পাইপের তথ্য জানাতে বলেছেন। একই সময়ের মধ্যে যে নালায় শিশু নীরব পড়ে গিয়েছিল, সেটি কাদের, এর তদন্ত প্রতিবেদন এবং নীরব মারা যাওয়ার পর থেকে কদমতলী থানার ওসি কী কী পদক্ষেপ নিয়েছেন, তার প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।’

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিকেলে খেলার সময় বাসার কাছের ম্যানহোলে পড়ে যায় নীরব। চার ঘণ্টা পর বুড়িগঙ্গা নদীর তীরে নালার মুখ থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন