রাষ্ট্রপতির বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গভবনে ঢুকতে দেওয়া হয়নি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে। বঙ্গভবন থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১৬ ডিসেম্বর বুধবার বিকেল পৌনে তিনটার দিকে তাঁকে বঙ্গভবনের ফটক থেকে ফিরিয়ে দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিষয়টি প্রকাশ করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
তিনি লিখেছেন, ‘একজন বীরপ্রতীকের জন্য বিজয় দিবসের উপহার। বিজয় দিবসে একজন বীরপ্রতীককে অপমান করা কী জরুরি?’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান।
জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ব্যাপারে বলেন, ‘১৯৮০ সাল থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও দুই ঈদে আমি বঙ্গভবনের আমন্ত্রণ পাই। এবারও আমন্ত্রণ পেয়ে বঙ্গভবনের প্রধান ফটকে গেলে আমাকে উত্তর গেট দিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে কর্তব্যরত একজন ক্যাপ্টেন বলেন, আমার গাড়ির স্টিকার মেইন গেটের। আবার মেইন গেটে আসলে এবার একজন পুলিশ কর্মকর্তা বলেন, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) তাঁদের কিছু ব্যক্তির তালিকা দিয়েছে, যাঁরা বঙ্গভবনে যেতে পারবেন না। এতে আপনার নাম এক নম্বরে।’
সৈয়দ ইবরাহিম বলেন, ‘আমার তিনটি পরিচয় আছে। প্রথমত, আমি একজন বীরপ্রতীক। দ্বিতীয়ত, একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তৃতীয়ত, আমি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান। জানি না, আমার এই তিন পরিচয় বা বৈশিষ্ট্যের কোনটিকে আক্রমণ করতে গিয়ে তাঁরা কোনটিকে অপমান করল।’


