রাজধানীর নিউমার্কেটে বৃহস্পতিবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারি কমিশনার রুহুল আমিন সাগর সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেন স্বপন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে ধানমন্ডির হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে নিউমার্কেট থানায় মামলাটি করেছেন। এতে ঢাকা কলেজ ও এর আশেপাশের এলাকার ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত অজ্ঞাত ১৫০- ২০০ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় দোকানপাট ও যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষে পথচারী,শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।


