আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রাধান্য পাবে বাণিজ্য আর আঞ্চলিক যোগাযোগ। প্রায় চার বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতায় এমন মত, ঢাকায় ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ সরনের।
সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় তিনি বলেন, গত কয়েক বছরে দু’দেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছে, তাতে বেশ সন্তুষ্ট তিনি। আর তা এগিয়ে নিতে তার ভরসা, দুদেশের তরুণদের ওপর।
পঙ্কজ শরন। ২০১২ সালের ১৪ মার্চ বাংলাদেশে দায়িত্ব নেন ভারতীয় হাই কমিশনার হিসেবে। প্রায় চার বছর দায়িত্ব পালনকালে দেখেছেন বাংলাদেশ-ভারত সম্পর্কের নানা মোড়। এর মধ্যেই ভারতের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন দেখেছেন। দেখেছেন ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার সময়েই হয়েছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন। এমন সব অভিজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছেন বাংলাদেশ থেকে।
সাংবাদিকদের সাথে বিদায়ী আলাপচারিতায় পঙ্কজ সরন বললেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে। তাই সন্তুষ্টি আছে আছে এই বিদায়ে।
দুই দেশের ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে বানিজ্য আর আঞ্চলিক যোগাযোগ হয়ে উঠবে অন্যতম নিয়ামক।
কথা বলেন সন্ত্রাসবাদ ইস্যুতে। তুলে ধরেন আঞ্চলিক শান্তি নিরাপত্তায় কেন অপরিহার্য প্রতিবেশীর মধ্যে সহযোগিতা।
বিদায়ী হাইকমিশনার বলেন, ভারত মনে করে ৫ জানুয়ারির নির্বাচন ছিলো একটি সাংবিধানিক বাধ্যবাধকতা।
তবে সব কিছুর ওপরে তিনি রাখতে চান তরুণদের। তার বিশ্বাস দুদেশের তরুণরাই হবে ভবিষ্যতের কাণ্ডারি।
বাংলাদেশ থেকে পঙ্কজ সরনের গন্তব্য রাশিয়া। বলে গেলেন বাংলাদেশের অভিজ্ঞতা কখনোই ভোলার নয়।


