দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি মাজাভাঙ্গা দল। আন্দোলন করার জোর তাদের এখন নেই। পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না বলে তারা যে বক্তব্য দিচ্ছে তা ফাঁকা বুলি।’
রোববার দুপুরে চাঁদপুর জেলা শহরের মাদ্রাসা রোডে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘মানুষ এখন নির্বাচনমুখী। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- জননেত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মানুষ এখন জেগে উঠেছে।’
মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা সরকারের রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই। যথাসময়ে সব নির্বাচন হবে।’
জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপুমণি এমপি, পুলিশ সুপার শামসুন্নাহার, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা সৈয়দ বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র নাসিরউদ্দিনসহ প্রমুখ।


