উপস্থাপক ভুল করে মিস ইউনিভার্স হিসেবে মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিয়েরেস আরেভালোর নাম ঘোষণা করেছিলেন। পরে ভুল শুধরে নিয়ে জানিয়েছিলেন, আসলে এবারের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন মিস ফিলিপাইন পিয়া আলোনজো উর্টজবাখ। তবে কলম্বিয়ার প্রেসিডেন্টসহ দেশটির অনেকের কাছে কিন্তু আরিয়াদনাই এবারের মিস ইউনিভার্স।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত রোববার ওই মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৪ তম আসরের চূড়ান্ত পর্বে উপস্থাপক এই ভুল করেছিলেন। বিজয়ীর মুকুটও পরিয়ে দেওয়া হয়েছিল আরিয়াদনার মাথায়। তবে ভুল শোধরানোর পর আরিয়াদনার মাথা থেকে মুকুট তুলে নিয়ে পরিয়ে দেওয়া হয় পিয়া আলোনজোর মাথায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় শুরু হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সানতোস তাঁর দেশের রেডিও ন্যাশনালকে বলেন, ‘আমি পরিবারের সঙ্গে বসে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখছিলাম। আমাদের রানিকে (আরিয়াদনা) অকল্পনীয় সুন্দর ও আকর্ষণীয় লাগছিল। কিন্তু যখন উপস্থাপক বললেন, তিনি ভুল নাম ঘোষণা করেছেন—সেটা ছিল খুবই হতাশার।’ প্রেসিডেন্ট বলেন, ‘আমার কাছে আমাদের রানিই মিস ইউনিভার্স হিসেবে আছেন এবং থাকবেন। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। ছবি তা প্রমাণ করে। একজন কলম্বিয়ান হিসেবে আমার কাছে তিনিই এখনো মিস ইউনিভার্স।’
কলম্বিয়ার প্রধান সংবাদপত্রগুলো প্রেসিডেন্ট সানতোসের এই প্রতিক্রিয়া প্রথম পাতায় প্রকাশ করেছে। কলোম্বিয়ান বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্রতারকা ও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রী সোফিয়া ভেরগারা ইনস্টাগ্রামে আরিয়াদনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রানি সবাই একই।’
গত বছর অবশ্য মিস ইউনিভার্সের শিরোপা জিতেছিলেন প্রেসিডেন্ট সানতোসের দেশ কলম্বিয়ার পাউলিনা ভেগা। সে সময় সানতোস এ আনন্দে সবার সঙ্গে উদযাপন করেছিলেন।
শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকটবিজয়ী পিয়া আলোনজো অবশ্য পরে সাংবাদিকদের বলেন, ‘আমি কারও মুকুট কেড়ে নিইনি। তবে খুব দুঃখ হচ্ছে আরিয়াদনার জন্য। তাঁর প্রতি শুভকামনা রইল।’


