রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে দশ পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন না দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সংস্থাগুলো হলো- অধিকার, মানবিক সাহায্য সংস্থা, মানবাধিকার সমন্বয় পরিষদ, ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, লাইট হাউজ, রাইট যশোর, জাগরণ চক্র ও ন্যাশনাল ইয়্যূথ ফোরাম।
দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক সেকেন্দার আলী বুধবার বিকালে নির্বাচন কমিশনে পৌঁছে দিয়েছেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কমিশনে পাঠানা হয়েছে। আমরা তাদের আপত্তির বিষয়ে যাচাই-বাছাই করবো।
ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ করতে ২০টির মতো সংস্থা ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। ইসি যাচাই-বাছাই শেষে তাদের অনুমোদন প্রদান করবে।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


