রাজধানীর মিরপুর-১ এ জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোররাত থেকে পুলিসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেয়। অভিযান চালিয়ে সাতজনকে আটক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটিতে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-এর বহু সংখ্যক সদস্য অবস্থান করছে। এছাড়া তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বোমা আছে গোপন সংবাদে এমন তথ্য রয়েছে তাদের কাছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ভবনটিতে অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলছে।
তবে আইনশৃংখলা বাহিনীর কোন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। অভিযানের শুরুতে ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া আশ-পাশের এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয়া হচ্ছে।
অভিযানে যোগ দিতে সকালে পুলিশের বিশেষ ইউনিট সোয়াত সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছেন। এছাড়া পুলিশ ও র্যাবের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাত থেকে বিপুল পরিমাণ পুলিশ ভবনটির চারপাশ ঘিরে রাখে। পুলিশ কয়েকবার ভবনটি প্রবেশের চেষ্টা করলে ভেতর থেকে বোমা ও গুলির শব্দ শোনা গেছে। পুলিশও ভবনটি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, ভবনটির বেশ কয়েকজন বাসিন্দাকে জঙ্গিরা জিম্মি করেছে। পুলিশ ভবনের ভেতর প্রবেশের চেষ্টা করলে জঙ্গিরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। পুলিশ শাহআলী এলাকার আশ-পাশের সড়ক গুলোতে যান ও লোকজনের চলাচল বন্ধ করে দিয়েছে।
আইনশৃংখলা বাহিনী চূড়ান্ত অভিযানের আগে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে। ঘটনাস্থলে বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন ও এ সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয়েছে।


