কবিদের আড্ডা। শুরু হলো আবারও। আয়োজক নতুনধারা সাহিত্য পত্রিকা। কবিদের আ্ড্ডায় আর যাই থাকুক না কেন, কবিতা তো এসেই যাবে। অন্যরকম একটি কবিতা সন্ধ্যা হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে।
শিল্প সাহিত্য বিষয়ক মাসিক কাগজ নতুনধারা’র কার্যালয়ে নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক, সমালোচকদের সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুহম্মদ নূরুল হুদা, রুবী রহমান, জাহিদ হায়দার, কামাল চৌধুরী, ফরিদ কবির, চঞ্চল আশরাফ, আয়শা ঝর্ণা, সোহেল হাসান গালিব প্রমুখ কবিরা।
আমন্ত্রিত কবিদের কবিদের কবিতা পাঠের আগেই আড্ডায় জম-জমাট হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে কবি ফরিদ কবির বলেন, ‘আমাদের দেশে সাহিত্য পত্রিকা জন্মায় মরবার জন্য। অনেক সংগ্রামের মধ্য দিয়ে সাহিত্য পত্রিকাগুলো টিকে আছে। নতুনধারা ছয় বছর ধরে ধারাবাহিকভাবে সাহিত্য পত্রিকা প্রকাশ করে আসছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিই বিরল।’
স্বাগত বক্তব্য রাখেন নতুনধারা’র ভারপ্রাপ্ত সম্পাদক সাখাওয়াত টিপু। তিনি বলেন, ‘নতুনধারা সংকট পেরিয়ে নতুন উদ্যোমে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং নিয়মিত এমন আড্ডার আয়োজন করা হবে।’
সাহিত্য আড্ডায় সরব উপস্থিত ছিলেন নতুনধারা’র সম্পাদক নাঈমুল ইসলাম খান এবং দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি।
নবীন-প্রবীণ কবিদের সঙ্গে কবিতা অনুরাগীরাও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। আড্ডার বিষয়বস্তু কোনও নির্দিষ্ট না থাকলেও তা বাংলা সাহিত্যের নানা ডালপালা আধার করে বেড়ে উঠে। কখনো সমকালীন কবিতা, কবিতার সংকট ও সম্ভাবনা; কখনো কবির দৈন্য ও বাংলা কবিতার মান নিয়ে নানা আরোচনায় মুখর হয়ে ওঠে ও সমবেত সমালোচক-কবিরা। আড্ডায় চায়ের ফাঁকে ফাঁকে চলে জলখাবার। আগত কবিরা নানা বিষয়ে তাদের ধ্যানধারনা ও অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগ করেন।
অনুষ্ঠানে প্রধান ’আড্ডাবাজ’ কবি নুরুল হুদা বলেন, কবি হচ্ছে বিশ্ব ভিখারী সারাবিশ্ব থেকেই কবি সমৃদ্ধ করে তার কবিতা। তরুণ কবিদের উদ্দেশে তিনি বলেন, ছন্দ কবিতা অন্যতম শারীরিক কাঠামো; যা থাকতেই হবে। তিনি আরো বলেন, বাংলা কবিতায় ঠাকুর বা ইসলামের বাইরে জীবনানন্দ দাশের অবস্থান একেবারেই পৃথক, যা অনেকের মধ্যে একজন নয়, বরং তিনি নিজ গুণেই অনন্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদা হাসিমুখের প্রিয়াংকা আচার্য্য।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


