গার্মেন্টস শ্রমিকদের মোট মজুরির ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান, রেশনিং ব্যবস্থা চালু ও শ্রমিকদের থাকার ব্যবস্থাসহ সাত দফা দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রোকেয়া সুলতানা অঞ্জু, মাহাতাব উদ্দিন শহীদ, আলমগঅর রনি, মাসুদ রানা, সফিকুল ইসলাম,আলী রেজা হায়দার প্রমুখ নেতৃবৃন্দ।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন বৃদ্ধির ফলে বাজারে নিত্যপণ্যসহ সব কিছুর দাম বেড়ে যাবে। ইতোমধ্যে তার লক্ষণ দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে তা আরো প্রকট আকার ধারণ করবে। তখন প্রাপ্ত বেতনে শ্রমিকদের চলা কষ্ট হবে। এ জন্য শ্রমিক মজুরি বৃুিদ্ধর জন্য বোর্ড গঠন করতে। এবং বর্ধিত মজুরি কার্যকর করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়ার জন্য দাবি জানান তারা।
বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন বৃদ্ধি হয়ে দ্বিগুন হয়েছে । কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। শ্রমিকরা তাদের কম বেতন দিয়ে কুলিয়ে উঠতে পারবে না। তখন কম খেয়ে জীবন নির্বাহ করা ছাড়া আর কোন পথ খোলা থাকবে না। উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে। পোশাক শিল্প কারখানায় অস্থিরতা বাড়বে। এ অবস্থায় বেতন বৃদ্ধির কোন বিকল্প নেই।
লিখিত বক্তব্যে তিনি সাত দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- ১.গার্মেন্টস শ্রমিকদের জীবন যাত্রার ব্যয় নির্বাহের জন্য ২০১৬ সাল থেকে মোট মজুরির ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
২। শ্রম আইন ও বিধিমালায় সন্নিবেশিত শ্রমিক স্বার্থ এবং ট্রেড ইউনিয়ন সংগঠনবিরোধী অংশসমূহ সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
৩। শ্রম দফতর ও কলকারখানা পরিদর্শন পরিদফতর থেকে অসৎ ও ঘুষখোর কর্মকর্তাদের অপসারণ করতে হবে।
৪. অবিলম্বের সকল গার্মেন্টস কারখানায় স্বাস্থ্যহানিকর, অস্বাভাবিক টার্গেট প্রোডাকশনের চাপ বন্ধ করতে হবে।
৫। গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
৬। আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন নং ১ বিরোধী জেনারেল ডিউটির পর দৈনিক ঘণ্টার অতিরিক্ত ওভারটাইম করা যাবে না মর্মে শ্রম আইন ধারা-১০০ ও ১০২ প্রয়োগ থেকে অব্যাহতি প্রদানের জন্য শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
৭. কারখানার আশপাশে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এসব দাবি মানা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন।


